প্রচ্ছদ > খেলা > ফুটবল

তীব্র গরম থেকে রক্ষা পেতে আর্জেন্টিনার নতুন সমাধান

article-img

আলজেরিয়ার বিপক্ষে দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির হ্যাটট্রিকের পর উজ্জীবিত দলটি এবার যুক্তরাষ্ট্রের গরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে ব্যবহার করছে আধুনিক প্রযুক্তি।

বুধবার ক্যানসাসে অনুষ্ঠিত অনুশীলনে আর্জেন্টিনার খেলোয়াড়দের বিশেষ ধরনের ‘কুলিং ভেস্ট’ পরতে দেখা গেছে। মূলত ফর্মুলা ওয়ানে বহুল ব্যবহৃত এই প্রযুক্তি এখন ফুটবলেও জনপ্রিয় হয়ে উঠছে।

অনুশীলনের সময় ক্যানসাসের তাপমাত্রা ছিল প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা বজায় রাখতে আর্জেন্টিনার ক্রীড়াসামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান বিশেষ এই ভেস্টের ব্যবস্থা করেছে। টুর্নামেন্টের শুরু থেকেই একই প্রযুক্তি ব্যবহার করছে স্পেনও।

এই ভেস্টে একাধিক বিশেষ পকেট থাকে, যেখানে শীতলীকরণ জেল রাখা হয়। জেলগুলো শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এবং অনুশীলন বা ম্যাচের পর দ্রুত ক্লান্তি দূর করতে ভূমিকা রাখে। একই সঙ্গে খেলোয়াড়দের জন্য ব্যবহার করা হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণে সক্ষম বিশেষ বুট, যা পায়ের অতিরিক্ত উত্তাপ কমাতে সাহায্য করে।

স্পেন জাতীয় দলের ফিটনেস কোচ কার্লোস ক্রুজ জানিয়েছেন, এই প্রযুক্তি খেলোয়াড়দের দ্রুত পুনরুদ্ধার এবং ক্লান্তি কমাতে কার্যকর।

তার ভাষ্য, অনুশীলনের পর নিয়মিত এই ভেস্ট ব্যবহার করা হচ্ছে। প্রয়োজনে ম্যাচ শুরুর আগে, বিশেষ করে ওয়ার্ম-আপ শেষে এবং খেলা শুরুর মধ্যবর্তী সময়েও এটি ব্যবহার করা যেতে পারে। এতে খেলোয়াড়রা আরও সতেজ অনুভব করেন।

ফুটবলে প্রযুক্তিটি এখনো তুলনামূলক নতুন হলেও ফর্মুলা ওয়ানে দীর্ঘদিন ধরেই এর ব্যবহার রয়েছে। বিশেষ করে সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও কাতারের মতো উষ্ণ আবহাওয়ার সার্কিটে চালকেরা নিয়মিত কুলিং ভেস্ট ব্যবহার করেন।

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।